সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা প্রয়োজন : হাবিব ঢাকা-৯

তরুণদের নেতৃত্বে মানবিক ও সম্প্রীতির রাষ্ট্র গঠনের আহ্বান স্টাফ রিপোর্টার | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি ঢাকা–৯…

Posted by:

on

তরুণদের নেতৃত্বে মানবিক ও সম্প্রীতির রাষ্ট্র গঠনের আহ্বান

স্টাফ রিপোর্টার | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ বাংলাদেশ, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে। এই লক্ষ্য অর্জনে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বুধবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ঢাকা-৯ ইউথ ভয়েসের উদ্যোগে আয়োজিত ‘তরুণদের ভাবনা’ শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, নারী ও পুরুষের মধ্যে তিনি কোনো ভেদাভেদে বিশ্বাস করেন না। নিরাপদ থাকার অধিকার সবার। তবে বর্তমান বাস্তবতায় নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এখনও সমাজে সমান নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হয়নি।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে নারী ও পুরুষকে আলাদা করে ভাবার প্রয়োজন পড়ে না। বাংলাদেশেও নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো পুরুষদেরই প্রশ্নের মুখে পড়তে হবে—তারা কীভাবে নারীদের সঙ্গে তাল মিলিয়ে চলবে।

হাবিব আরও বলেন, “আমার কোনো বোন, মা কিংবা তরুণীর প্রতি যেন কেউ এমন আচরণ না করে, যাতে তারা কষ্ট পায় বা দেশের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। প্রতিটি নারী যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে সমাজে এগিয়ে যেতে পারে—এই দায়িত্ব তরুণদেরই নিতে হবে।”

সন্ত্রাসমুক্ত এলাকা গঠনে তরুণদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস কখনো ভালো কিছু বয়ে আনে না। রাগ ও ক্ষোভ সন্ত্রাসে নয়, প্রতিবাদে ব্যবহার করতে হবে। যারা গণতন্ত্র ও দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধেই সাহসী ভূমিকা রাখতে হবে।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস নয়—প্রতিবাদকেই বেছে নিতে হবে। দেশপ্রেমে সাহসকে রূপ দিতে পারলেই একটি মানবিক রাষ্ট্র গড়া সম্ভব।

এ সময় তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

অনুষ্ঠান শেষে হাবিব বলেন, ঐক্য, সাহস ও প্রতিবাদের শক্তিতে তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে একটি মানবিক, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ।

#তরুণসমাজ #নিরাপদবাংলাদেশ #সন্ত্রাসমুক্ত #মাদকমুক্ত #ঢাকা৯ #বিএনপি #রাজনীতি