স্টাফ রিপোর্টার | ১৬ই জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশের সমস্ত ক্ষমতার মূল উৎস জনগণ। অতীতের মতো জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার দিন বাংলাদেশে আর নেই। এখনো নানা বাধা ও চ্যালেঞ্জ থাকলেও দেশ এমন একটি পর্যায়ে এসেছে, যেখান থেকে আরও গণতান্ত্রিক ও সন্তোষজনক পথে এগিয়ে যাওয়া সম্ভব।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠু শাসনব্যবস্থা ও গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ভালো গভর্নেন্স নিশ্চিত করা সম্ভব নয়। তাই ভোটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের কল্যাণে কিছু সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছিল। তবে সেগুলোর অনেকটাই পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এসব সংস্কার যেন এককালীন উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হয়।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কারো প্রভাব বা প্রলোভনে পড়ে নয়—নিজেদের বিবেচনা ও বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান। দেশের জন্য কোন সিদ্ধান্ত ভালো এবং নিজের ভবিষ্যতের জন্য কোনটি সঠিক, তা বিচার করার সক্ষমতা জনগণের রয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, সংস্কার ও নির্বাচন—দুটো ক্ষেত্রেই জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার যেন কখনোই একপাক্ষিক না হয়। অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।





