স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার ত্যাগ অনস্বীকার্য: ইশরাক

দোয়া মাহফিলে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, অন্যায়-জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে যুবসমাজকে অনুপ্রাণিত করেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ অনস্বীকার্য। তিনি অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সেই সংগ্রামে কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, “এ ধরনের পবিত্র আয়োজনে শরিক হতে পারা আমার জন্য সৌভাগ্যের। এই শিশুরা কোরআনের পাখি। তারা যখন মহান আল্লাহর দরবারে হাত তোলে, তখন কারো না কারো হাতের উসিলায় আমাদের নেত্রীর জন্য আল্লাহর রহমত নাজিল হবে—এ বিশ্বাস আমার আছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নেত্রীর ত্যাগ অনস্বীকার্য। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে তিনি কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা তাঁর সেই ত্যাগের প্রতিদান দেবেন।”

দোয়া অনুষ্ঠানে উপস্থিতদের প্রতি শুভকামনা জানিয়ে ইশরাক হোসেন নিজের জন্যও দোয়া কামনা করেন। তিনি বলেন, “আজ এই মাদ্রাসার শিশুদের সঙ্গে একসঙ্গে আল্লাহর দরবারে আমাদের নেত্রীর জন্য দোয়া করতে পারা আমার জন্য গর্বের। অনেক কথা বলা যায়, কিন্তু আসল কথা হলো আমরা যেন ভালো কিছু করতে পারি। সেই রহমত ও শক্তি দান করার জন্য আপনাদের কাছে দোয়া চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোঃ শরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল হাসান রঞ্জু, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল হক শহীদ, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নাহিদ, ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বি এম সাগর, মসজিদ সভাপতি খন্দকার রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ আহমদ উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।