স্টাফ রিপোর্টার | ১৭ইজানুয়ারি ২০২৬
নিউজ চ্যানেল বিডি
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, “যেসব মানুষ তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা স্বামী হারিয়েছেন এবং যেসব সন্তানেরা পিতাকে হারিয়েছে—তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। আমরা এক দুঃসহ সময় অতিক্রম করেছি, যার বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।”
তিনি বলেন, আজকের মঞ্চে এমন কিছু সন্তান তাদের কষ্টের কথা তুলে ধরেছে, যারা কখনো তাদের পিতার মুখ দেখার সুযোগ পায়নি। অনেক সন্তান এখনও অপেক্ষায় আছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই জানেন, তারা তাদের পিতাকে আবার কখনো দেখতে পারবে কি না।
অনেক সন্তান এখনও অপেক্ষায় আছেন—তাদের গুম হয়ে যাওয়া পিতা হয়তো একদিন হঠাৎ দরজায় কড়া নাড়বে। অনেক মা আজও আশায় আছেন, তাদের হারানো সন্তানটি হঠাৎ করে সামনে এসে ‘মা’ বলে ডাকবে।
অনুষ্ঠানে প্রবেশের সময় ‘মায়ের ডাক’ আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী দেখে আবেগাপ্লুত হওয়ার কথাও জানান তিনি। প্রদর্শনীতে থাকা ছবিগুলো নিখোঁজ পরিবারগুলোর মনের কথা ও বেদনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
গুম, খুন ও অপহরণের শিকার পরিবারগুলোর আশার ভাষা হয়ে কাজ করছে সংগঠন ‘মায়ের ডাক’। ফ্যাসিবাদের শিকার মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছে সংগঠনটি। এর নেত্রী সাঞ্জিদা ইসলাম তুলি ও তার সংগঠন দল-মত নির্বিশেষে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।
চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি পরিবার দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত। আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো তুঙ্গে উঠেছে। তবে বছরের পর বছর গুম, খুন, অপহরণ ও মিথ্যা মামলার নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি।
একই পরিবারের এক ভাই গুম হওয়ার পর অন্য ভাই পরদিন রাজপথে নেমে আন্দোলন আরও তীব্র করার শপথ নিয়েছে—এমন উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো আপোষ করেনি, ছদ্মবেশ বা গোপন কৌশল গ্রহণ করেনি।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে তাকে দমন করা যাবে না—ইনশাআল্লাহ।





