স্টাফ রিপোর্টার |১৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
৫ আগস্টের পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তাতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রকৃত অর্থে বাস্তবায়নের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও একটি মুক্ত সমাজ গড়ে তোলার যে কথা বলা হচ্ছে—সেখানে গণমাধ্যম ও চলচ্চিত্র কোনোভাবেই এর বাইরে থাকতে পারে না।
এক আলোচনায় অংশ নিয়ে আমির খসরু বলেন, “ডেমোক্রেটিক ভ্যালুজ যদি আমরা সত্যিকার অর্থে বুঝে থাকি, তাহলে তা নাগরিক অধিকার ও মুক্ত সমাজেরই অংশ। আমরা সবসময় মুক্ত পরিবেশে কথা বলা ও কাজ করার কথা বলে আসছি।”
গণমাধ্যম নিয়ে বিভিন্ন মহলে যে শঙ্কা রয়েছে—নতুন সরকার এলে আবারও মিডিয়া চাপে পড়বে কিনা—সে প্রসঙ্গে তিনি বলেন, এই ধারণার বাস্তব ভিত্তি নেই। উদাহরণ হিসেবে তিনি ৫ আগস্টের পর তারেক রহমানকে নিয়ে প্রকাশিত একটি কার্টুনের কথা উল্লেখ করেন।
আমির খসরু বলেন, “তারেক রহমানকে বিদ্রুপ করে একটি কার্টুন প্রকাশিত হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো এর প্রতিবাদ করবেন বা প্রতিক্রিয়া দেখাবেন। কিন্তু তার প্রতিক্রিয়া কী ছিল? তিনি বলেছেন—এই কার্টুনটা যেন করা যায়, সেই জন্যই আমরা এত ত্যাগ স্বীকার করেছি।”
তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে দেশ কোন পথে এগোচ্ছে। “মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে কাজ করা—এই পরিবেশের দিকেই আমরা যাচ্ছি। চলচ্চিত্র, শিল্প, গণমাধ্যম—কোনো কিছুই এই মুক্ত পরিবেশের বাইরে থাকবে না,” যোগ করেন তিনি।
আমির খসরু আরও বলেন, গণতন্ত্রের বাস্তব চর্চা মানেই ভিন্নমত সহ্য করার মানসিকতা। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতান্ত্রিক সমাজ কখনোই পরিপূর্ণ হতে পারে না।





