ভোটারদের বিভ্রান্ত করতে বিএনপির অবৈধ ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের অভিযোগ: মোহাম্মদ তাহের

নির্বাচনের আগেই ধোঁকাবাজি শুরু হয়েছে, না থামালে এলাকায় সংঘর্ষের আশঙ্কা—জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার | ১৮জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি নির্বাচনের আগেই ভোটারদের বিভ্রান্ত করতে অবৈধভাবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ তাহের। তিনি বলেন, এসব কার্ডের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই এবং এটি ভোটারদের প্রভাবিত করার শেষ ধোঁকাবাজি।

মোহাম্মদ তাহের বলেন, “একজন বলছেন—I have a plan। আমি বলতে চাই—আমাদের অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা একটি বিষয়ের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই।”

তিনি অভিযোগ করেন, শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথাকথিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিক্রি ও বিতরণ করছে। “এই কার্ডগুলো কোনো অথরিটির না। এগুলো সম্পূর্ণ অবৈধ,” বলেন তিনি।

মোহাম্মদ তাহের বলেন, “নির্বাচনের আগেই যদি তারা এভাবে মানুষকে ধোঁকা দেয়, তাহলে নির্বাচনে জয়ী হলে কী হবে—তা খুবই স্পষ্ট।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম এলাকায় মারামারি ও অস্থিতিশীল পরিস্থিতির সূচনা করতে পারে।

তিনি অভিযোগ করেন, এটি শুধু আচরণবিধি লঙ্ঘন নয়, বরং গুরুতর নির্বাচন আচরণবিধি ভঙ্গ। “আমরা শুরু থেকেই নির্বাচন কমিশনকে বলে আসছি—এটা একটি অবৈধ কার্যক্রম এবং এটি এখনই বন্ধ করা দরকার,” বলেন তিনি।

মোহাম্মদ তাহের আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়েও আপত্তি জানানো হয়েছে। “ফখরুল ভাই আমাদের সঙ্গে ছিলেন, এগুলো দেখার জন্য,” বলেন তিনি।

তিনি বলেন, যেহেতু জামায়াত এসব কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ তুলেছে, তাই সংশ্লিষ্ট পক্ষগুলোকেও তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।