৪২,৭৬১ ভোটকেন্দ্রে সিসিটিভি, গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা; ২০ জানুয়ারি শেষ হচ্ছে নির্বাচন প্রশিক্ষণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

স্টাফ রিপোর্টার ১৯জানুয়ারি ২০২৬ নিউ চ্যানেল বিডি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোট ৮ লক্ষ ৯ হাজার ৭১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনীর ১ লক্ষ, বাংলাদেশ নৌবাহিনীর ৫ হাজার, বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন, বাংলাদেশ পুলিশের ১ লক্ষ ৪ হাজার ৯৪৩ জন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লক্ষ ৭৬ হাজার ৩১৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশের ৩৭ হাজার ৪৫৩ জন, বাংলাদেশ কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জন এবং র‌্যাবের প্রায় ৭ হাজার ৭০০ জন সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রায় ১৩ হাজার ৩৯০ জন সদস্য প্রস্তুত থাকবে।

নির্বাচনে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ৮ হাজার ৭৮০টি অধিক গুরুত্বপূর্ণ, ১৬ হাজার ৫৪৮টি গুরুত্বপূর্ণ এবং ১৭ হাজার ৪৩৩টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পুলিশের ব্যবহারে থাকবে ২৫ হাজার বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে—এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন উপলক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সম্পন্ন হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে

তিনি আশা প্রকাশ করেন, এসব প্রস্তুতির মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে নিরাপদ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য।