সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন র্যাব কর্মকর্তা, অভিযান চলছে
স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) মোতালেব। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে র্যাবে প্রেষণে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের দুর্গম এলাকায় সন্ত্রাসীদের অবস্থান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে গোলাগুলির সূত্রপাত হয়। এতে আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। তাদের উদ্ধারে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে। পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জিম্মি র্যাব সদস্যদের নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।





