স্টাফ রিপোর্টার২০ জানুয়ারি ২০২৬নিউজ চ্যানেল বিডি
শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে বর্তমানে ৫০টি থানা রয়েছে। এটি একটি বিশাল কার্যক্রম, যার কাজের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন। এজন্য আজকে মিটিংয়ে বিষয়টি আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
তিনি বলেন, “ভবিষ্যতে ধাপে ধাপে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্যান্য অংশে পুলিশ কার্যক্রমকে ভাগ করলে কাজের গতি আরও বাড়ানো সম্ভব হবে।”
শফিকুল আলম আরও উল্লেখ করেন, চিফ এডভাইজার নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়েছেন। লুট হওয়া অস্ত্র যে করেই হোক নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি অধিদপ্তর ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। এছাড়া জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগকে একত্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের বিষয়ও অনুমোদন পেয়েছে। এর ফলে পূর্বের সরকারের মতো মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করার প্রবণতা বন্ধ হয়েছে।
শফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একীভূত কাঠামো জননিরাপত্তা এবং সুরক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে।





