স্টাফ রিপোর্টার ২২ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছালে আগে থেকেই সেখানে অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি স্বজনদের কাছে যান এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
সাক্ষাৎকালে হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার পরামর্শ দেন।
এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যৌক্তিক দাবি বাস্তবায়নে দল কাজ করবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলটসহ ৩৫ জন নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।





