মানুষ এখন যোগ্য প্রার্থী খুঁজছে, টাকা দিয়ে ভোট কেনার সময় শেষ: এনসিপি নেতা আক্তার হোসেন

কাউনিয়া–পীরগাছায় শাপলা প্রতীক ঘিরে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনসমর্থনের দাবি

স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আলহামদুলিল্লাহ, শাপলা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রান্তিক মানুষের কাছে সরাসরি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আক্তার হোসেন। তিনি বলেন, মানুষেরা এখন প্রার্থীকে চেনে, প্রতীকও চেনে এবং নিজেরাই সাক্ষাৎ করতে চায়। এই সাক্ষাতের মুহূর্তগুলো এতটাই আবেগঘন ও আনন্দদায়ক যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।

আক্তার হোসেন বলেন, মানুষ এখন চায় তাদের এলাকায় যেন সবচেয়ে ভালো ও যোগ্য প্রার্থী সংসদে যায়। তারা বিচার–বিশ্লেষণ করে ঠিক করছে, কে সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলতে পারবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করতে ভূমিকা রাখতে পারবে। কাউনিয়া–পীরগাছার মতো প্রান্তিক এলাকাতেও মানুষের এই সচেতনতা তাকে অভিভূত করেছে।

তিনি বলেন, একসময় এই এলাকাগুলোতে টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি ছিল। এখন সেই মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। মানুষ নিজেরাই বলছে, তাদের কিছু খাওয়াতে বা কিছু দিতে হবে না, বরং তারা প্রার্থীর জন্য কাজ করবে, প্রয়োজনে নিজেরা খরচ বহন করবে।

তিনি আরও বলেন, আত্মীয়স্বজনের বাড়ি বা বিভিন্ন এলাকায় গেলে সাধারণ মানুষ, এমনকি মায়েরা পর্যন্ত তাদের সন্তানের শ্বশুরবাড়ির এলাকার মানুষের অনুভূতির কথাও তুলে ধরছেন। এতে বোঝা যাচ্ছে, দলমতের বিভেদ নয়, বরং যোগ্য মানুষকে সংসদে পাঠানোই এখন তাদের প্রধান লক্ষ্য।

গণভোট প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, এবারের গণভোট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কাছে গেলে সবাইকে বলা হচ্ছে, গণভোটে হ্যাঁ বলতে হবে এবং শাপলা প্রতীকে ভোট দিতে হবে। তবে শুধু শাপলা প্রতীকের প্রচারণাই নয়, গণভোটকে সামনে রেখে ভবিষ্যৎ বাংলাদেশের কথাও মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, এমনকি যারা শাপলা প্রতীকে ভোট দিতে চান না, তাদের কাছেও গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যাতে ভবিষ্যতে সরকার, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই গণভোটে হ্যাঁ ভোট প্রয়োজন বলে মানুষকে বোঝানো হচ্ছে।

আক্তার হোসেন দাবি করেন, গণভোটের বিপক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন, তারা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছেন না। সাধারণ মানুষ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষেই অবস্থান নিয়েছে এবং বিপুল ভোটে গণভোট বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর মাধ্যমেই সংস্কারের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আক্তার হোসেন।