আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন তারেক রহমান, আনুষ্ঠানিকভাবে শুরু বিএনপির নির্বাচনী প্রচারণা

সহধর্মিণী ডা. জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম জনসভায় অংশ, নেতাকর্মীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান। আগে থেকেই প্রস্তুত থাকা মঞ্চে উঠে তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করলেন তারেক রহমান। মঞ্চে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবায়দা রহমান। নির্বাচনী প্রচারণার জনসভায় এটিই ডা. জুবায়দা রহমানের প্রথম অংশগ্রহণ। তিনিও হাত নেড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও আশপাশের সড়কগুলোতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মঞ্চে ওঠার সময় তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া চান। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দলকে বিজয়ী করার আহ্বান জানাবেন।

উল্লেখ্য, গতকাল রাতে তারেক রহমান সিলেট পৌঁছান। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। আজকের এই জনসভার মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সকাল ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও অন্য একটি কর্মসূচিতে যুক্ত থাকায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মঞ্চে পৌঁছান। তবে এতে নেতাকর্মীদের উৎসাহ ও উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি।

বর্তমানে তারেক রহমান মঞ্চে অবস্থান করছেন এবং নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।