নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি অনুমোদন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি আগেই ঘোষণা

স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি অনুমোদন দিয়েছে সরকার। প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের আগের দিন সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব আজ ক্যাবিনেটের সাপ্তাহিক বৈঠকে অনুমোদন পেয়েছে।

শফিকুল আলম জানান, আজ চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেটের উইকলি মিটিংয়ে ১১ ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চল ও বড় শহরে অবস্থানরত ভোটাররা নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনাও আরও সহজ হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ভাই-বোনদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। শুধুমাত্র শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি দেওয়া হবে। এতে করে তারা আগেভাগেই নিজ নিজ ভোটার এলাকায় যেতে পারবেন।

প্রেস সচিব বলেন, এর মাধ্যমে মোট ছুটি দাঁড়াচ্ছে তিন দিন। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ ছুটি, ১১ ফেব্রুয়ারি সবার জন্য সাধারণ ছুটি এবং ১২ ফেব্রুয়ারি ভোটের দিন, যা আগেই পূর্ণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এ সংক্রান্ত একটি অফিসিয়াল আদেশ খুব শিগগিরই জারি করা হবে।

বক্তব্য দেন প্রেস সচিব শফিকুল আলম।