শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু

বোয়ালখালী থেকে যাত্রা শুরু, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার ২৬ জানুয়ারি২০২৬ | নিউজ চ্যানেল বিড

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা শুরু হয়েছে শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে। দলের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বক্তব্য দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, শহীদ ইসমামুল হক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাওয়ার দিন চানখারপুল মোড়ে গুলিবিদ্ধ হন এবং ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। যে বাংলাদেশের জন্য তিনি আত্মত্যাগ করেছেন, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই এনসিপি তাদের নির্বাচনী পদযাত্রা শুরু করেছে।

আসিফ মাহমুদ বলেন, আসন্ন গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে কাজ করার সূচনা হিসেবে শহীদের কবর জিয়ারত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসমামুল হকসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে শহীদদের আকাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে এবং রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন আসবে।

এনসিপি নেতা জানান, আজকের পদযাত্রা বোয়ালখালী থেকে শুরু হয়েছে। একই দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল নোয়াখালী থেকে আবারও দলের পদযাত্রা শুরু করা হবে।