স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উৎসব নগরীতে পরিণত হয়েছে পুরো ময়মনসিংহ জেলা ও বিভাগের চারটি জেলা।
সকাল ১১টায় ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান তিনি। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুর আড়াইটায় সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রায় দুই দশক পর ময়মনসিংহে তার আগমনকে ঘিরে বিভাগজুড়ে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।
এই জনসভা থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি আসনের বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি আগামী ১৪তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান।
নেতাকর্মীদের মতে, জনসভায় ময়মনসিংহ বিভাগ নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা, বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের উন্নয়ন এবং অন্যান্য জেলার উন্নয়ন ভাবনা উঠে আসবে। এসব বক্তব্য শোনার আগ্রহ সাধারণ মানুষের মাঝেও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।
সকাল থেকেই সাধারণ মানুষ ও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন। বিভাগের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরাও ইতোমধ্যে ময়মনসিংহে পৌঁছেছেন। তারা আশা প্রকাশ করছেন, এই জনসভা ময়মনসিংহ বিভাগের নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে বড় ভূমিকা রাখবে।
জনসভাকে ঘিরে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো জনসভাস্থল ও আশপাশের এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।





