স্টাফ রিপোর্টার,২৭ জানুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি
ঢাকায় একটি পিঠা উৎসবে অংশ নিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, উৎসবস্থলে প্রবেশের সময় একদল লোক তাদের ওপর ইট, বোতল ও ডিম নিক্ষেপ করে এবং কিল-ঘুষি দিয়ে হামলা চালায়।
নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাকে জানায় যে মির্জা আব্বাস নাকি তাদের টাকা দেন। এ বিষয়ে তিনি বলেন, তার কাছে কোনো টাকা নেই এবং তিনি কাউকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, হামলার শিকার হলেও তারা ধৈর্য ধারণ করেছেন এবং নেতাকর্মীদের পাল্টা হামলা না করতে নির্দেশ দিয়েছেন। “ওরা আমাদের ভাই, আমরা ভায়োলেন্স চাই না। আমরা ঢাকায় একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই,” বলেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারী জানান, তারা ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি ঢাকাবাসীসহ সাধারণ জনগণকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সঙ্গে কোনো আপোষ করা হবে না। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে কথা বলায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে এখন বাস্তব পরিস্থিতি সবার সামনে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষাংশে নাসির উদ্দিন পাটোয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্পেস দেবেন না। এরা দেশ ধ্বংস করবে। আগামী ১২ তারিখে ভোট দিয়ে তাদের প্রতিহত করুন।” তিনি জানান, হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে।





