‘জুলাই বিপ্লবের চেতনায় ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে হবে’— সাদিক কায়েম

চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফপন্থীদের বিজয়ের আহ্বান

স্টাফ রিপোর্টার, ৩০ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেলবিডি

গত পাঁচ দশকে দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। তিনি বলেন, বহু এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান সংস্কার হয়নি।

তিনি অভিযোগ করেন, গত ৫৪–৫৫ বছরে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম ও খুনের সংস্কৃতি বিস্তার লাভ করেছে। তার দাবি, এসবের অবসান ঘটাতে এবং বৈষম্যহীন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তেই জুলাই বিপ্লব সংঘটিত হয় এবং শহীদরা জীবন দেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের পক্ষে প্রতিনিধিদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ডাকসু, জাকসু, চাকসু, রাসু ও জসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফপন্থী প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

গত দেড় বছরে তরুণদের ভূমিকার প্রশংসা করে সাদিক কায়েম বলেন, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্য, আগ্রাসন, মাফিয়াতন্ত্র ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা ও কাজের মিল রেখে দেশপ্রেমের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়েও পুরোনো ধারার রাজনীতি, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ উঠছে। তার দাবি, যে সংস্কারের প্রত্যাশায় আন্দোলন হয়েছিল, সংশ্লিষ্ট দলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

সাদিক কায়েম সংশ্লিষ্ট দলকে আত্মসমালোচনা ও সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা উচিত।

সভা শেষে তিনি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।