স্টাফ রিপোর্ট | ৩০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখা গেছে। তবে এনসিপি ইশতেহার তৈরি করেছে বাস্তবতার ভিত্তিতে। আগামী পাঁচ বছরে যা সম্ভব বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই প্রতিশ্রুতি সীমাবদ্ধ। তারা অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিচারহীনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে, যার ফলে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। এনসিপি মনে করে রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো এই বাস্তবতা স্বীকার করা।
ইশতেহারটি জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। জুলাই পথযাত্রা থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী, শ্রমিক নেতা ও কমিউনিটির মতামত নেওয়া হয়েছে। ১২টি অধ্যায়ের ৩৬ দফা অগ্রাধিকার বাস্তবতার ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং তার ১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।





