স্টাফ রিপোর্ট | ৩১জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চৌদ্দগ্রামে কোনো ধরনের প্রতিশোধ, হামলা বা অগ্নিসংযোগ বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন মো. তাহের। তিনি বলেন, এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, যারা জামায়াতে ইসলামী করেন তারা আমার ভাই, অন্য দল করেন তারাও আমার ভাই। আমি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে দেখি না।
তিনি বলেন, ২২ জুলাই পটপরিবর্তনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আগস্টে পরিবর্তনের পর জেলখানা থেকে প্রথম ফোনটি তিনি চৌদ্দগ্রামে করেন। কারণ আগের সময়ে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনার পুনরাবৃত্তি হোক তা তিনি চাননি। তিনি দলীয় নেতাকর্মীদের স্পষ্টভাবে নির্দেশ দেন, চৌদ্দগ্রামের আকাশে কোনো ধোঁয়া দেখা যাবে না, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না।
মো. তাহের বলেন, আলহামদুলিল্লাহ চৌদ্দগ্রামে কোনো উশৃঙ্খল আচরণ হয়নি। সবাই নিরাপদে আছেন। আমরা প্রতিবেশী, আমরা ভাই ভাই। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু ১৪ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব।
তিনি আরও বলেন, আজকের মঞ্চে বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত আছেন। সবাই একসঙ্গে আছেন, কারণ তারা জানেন আমি তাদের তাহের ভাই। আমি কখনো দলীয় বিদ্বেষ থেকে কাউকে দেখব না ইনশাআল্লাহ।
মো. তাহের বলেন, একজন এমপি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, তিনি সমগ্র এলাকার মানুষের প্রতিনিধি। দল যার যার থাকতে পারে, কিন্তু ভোট দিতে হবে তাকে যিনি সবার কল্যাণে কাজ করতে পারবেন।
তিনি বলেন, অতীত কর্মকাণ্ড ও বর্তমান রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে যদি মানুষ মনে করেন তিনি দলমতের ঊর্ধ্বে উঠে চৌদ্দগ্রামের সবার কল্যাণে কাজ করতে পারবেন, তাহলে সকল দলের মানুষের ভোট চাওয়ার অধিকার তার আছে।





