স্টাফ রিপোর্ট | ৩১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বাধীনতার বিরোধিতাকারী কোনো শক্তির হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল এবং আজও সে বিষয়ে জাতির কাছে ক্ষমা চায়নি, তাদের হাতে দেশের ভবিষ্যৎ দেওয়া নিরাপদ নয়।
তিনি বলেন, “যারা এখনো তাদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়নি, তাদের হাতে কি আমরা দেশের দায়িত্ব তুলে দিতে পারি? পারি না।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণের জন্য সঠিক রাজনীতি বেছে নিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, কোথাও কোথাও ভোটারদের বিকাশ নম্বর চাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “এই ধরনের কোনো নম্বর কাউকে দেবেন না। এগুলো প্রতারণার কৌশল হতে পারে।”
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, কাউকে ভোট দিলে জান্নাত বা বেহেশত মিলবে—এমন বক্তব্য ধর্মসম্মত নয়। তিনি বলেন, নামাজ, রোজা, যাকাত, হজ এবং সৎ আমলের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। “দেশের মালিক জনগণ। আপনারাই ঠিক করবেন কাকে দায়িত্ব দেবেন,” বলেন তিনি।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি কি আপনাদের কাছে একটি সুযোগ আশা করতে পারি? হয়তো এটি আমার শেষ নির্বাচন।”





