স্টাফ রিপোর্ট | ৩১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চাঁদাবাজি ও যেকোনো ধরনের দুর্নীতি দূর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামাতে ইসলামী আমীর ড. শফিকুর রহমান। তিনি বলেন, যারা এ ধরনের অপকর্মে জড়িত তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হবে, আর যারা সংশোধন হবে, তাদেরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করা হবে। কিন্তু যারা সংশোধন হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ড. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে। হালাল রুজি দিয়ে সম্মানের সাথে বাঁচা যাবে এবং সরকারি চাকরি, বাহিনী, আদালত, মিল, ফ্যাক্টরি ও শিল্পক্ষেত্রে যারা আছেন, তারা আনন্দের সাথে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি অপবাদ ও গুজবের বিষয়েও সতর্ক করেন। কওমি মাদ্রাসা, ইমাম ও খতিবদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কওমি মাদ্রাসা বন্ধ করা হবে না, বরং তাদের নেতৃবৃন্দের সঙ্গে বসে মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ড. শফিকুর রহমান বলেন, জনকল্যাণমূলক এই সরকার নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করবে এবং সকলকে দায়িত্ব পালন করতে সহায়তা করবে। এভাবেই দেশের জন্য সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করা হবে।





