স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
কক্সবাজারের মহেশখালী বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। জনগণকে পেছনের সারির যাত্রী নয়, বরং মর্যাদার আসনে দেখতে চান তারা।
তিনি বলেন, বাংলাদেশকে আর ধীরে ধীরে এগোনোর পথে রাখা যাবে না। এখন সময় এসেছে বড় অগ্রগতির। সঠিক নেতৃত্ব ও সুশাসন নিশ্চিত করা গেলে দেশ দ্রুত এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের কয়েক গুণ। এই অর্থ জনগণের এবং তা ফিরিয়ে আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, লুটপাটকারীদের কাছ থেকে অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এরপর ইনসাফের ভিত্তিতে সারা দেশে উন্নয়ন করা হবে। কোনো ধরনের বৈষম্য বা বঞ্চনা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
জামায়াত আমির বলেন, ক্ষমতার কেন্দ্রকে ঘিরে উন্নয়ন সীমাবদ্ধ না রেখে পিছিয়ে পড়া ও বঞ্চিত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। যে এলাকা যত বেশি অবহেলিত, তাকে তত বেশি গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।





