স্টাফ রিপোর্টার, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এক বক্তব্যে দেশের নারী সমাজকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যারা নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায় এবং নেতৃত্বে নারীদের অংশগ্রহণ চায় না, তারা গণতন্ত্র ও সাম্যের চেতনাকে অস্বীকার করছে।
তিনি দাবি করেন, একটি দল তাদের কর্মকাণ্ডের মাধ্যমে স্পষ্ট করেছে যে তারা নারীদের কর্মক্ষেত্রে দেখতে চায় না এবং দলীয় নেতৃত্বেও নারীকে স্থান দিতে আগ্রহী নয়। এর বিপরীতে বিএনপি সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বলে জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। তিনি নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গে বেগম খালেদা জিয়ার সরকারের সময় নারী শিক্ষায় উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালুর কথা উল্লেখ করেন।
তিনি তরুণ প্রজন্ম, বিশেষ করে তরুণীদের উদ্দেশে বলেন, নিজেদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে। পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবার ও পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। তিনি আহ্বান জানান, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ভোটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে।





