স্টাফ রিপোর্ট,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যেন আমি চাঁদাবাজির ওপর দাঁড়িয়ে আছি। ঢাকার মানুষ এসব বিশ্বাস করবে না।”
তিনি বলেন, ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ তার বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ প্রমাণ করতে পারেনি। “আমি চুরি-চামারি করে বড় হইনি, পরিশ্রম করে বড় হয়েছি। নিজের হাতে কাজ করেছি,” যোগ করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, কারও বিরুদ্ধে উসকানি দিয়ে নেতা হওয়া যায় না। বরং নিজের কাজ ও সক্ষমতা দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে হয়। তিনি বলেন, “আমার বিরুদ্ধে কথা বলতে চাইলে সাহস নিয়ে আসুন। জনগণের সামনে আলোচনা হোক।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে এবং পোলিং এজেন্টদের অবশ্যই প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলপত্র সংগ্রহ করে কেন্দ্র ত্যাগ করতে হবে। কোনো অবস্থায় স্বাক্ষরিত ফলাফলপত্র ছাড়া কেন্দ্র ছাড়তে না দেওয়ার কথাও বলেন তিনি।
মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, কিছু নতুন প্রার্থীর বক্তব্যে নির্বাচনী কারচুপির আভাস পাওয়া যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।





