স্টাফ রিপোর্ট,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করতে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। এই পরিকল্পনা দেশের মানুষের জন্য, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গ্রহণ করা হয়েছে।”
তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাস্তবায়িত হবে। “সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনের স্বাধীন কার্যক্রম নিশ্চিত করতে চাই,” যোগ করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ আরও জানান, “যদি প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে গণতন্ত্রের রক্ষাকবজ হিসেবে কাজ করে, তাহলে আর কেউ দেশের গণতন্ত্রের সঙ্গে ছিনিমিনি খেলা করতে পারবে না। এভাবে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং সার্বিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
তিনি বলেন, “এই কর্মসূচি বাস্তবায়ন করলে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের স্বপ্ন এবং ১৯৭১ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এটি দেশের গণমানুষের প্রত্যাশার প্রতিফলন।”
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে। “আমরা সকল সংস্কার প্রস্তাব, যা জুলাই জাতীয় সনদে উল্লেখিত এবং স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ,” যোগ করেন তিনি।





