“
স্টাফ রিপোর্টার |৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন ও নিপীড়ন শুরু হয় এবং তার বিরুদ্ধে ১১৭টি মামলা করা হয়। তিনি জানান, এত বিপুল সংখ্যক মামলার কারণে তাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন পর্যন্ত আদালতে হাজিরা দিতে হয়েছে।
তিনি বলেন, “একটা মামলাতেই মানুষ হিমশিম খায়, আর আমার বিরুদ্ধে ১১৭টা মামলা হয়েছে। বুঝতেই পারেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।”
মির্জা ফখরুল আরও জানান, এসব মামলার কারণে তাকে ১১ বার কারাগারে যেতে হয়েছে এবং মোট সাড়ে তিন বছর জেল খাটতে হয়েছে। এই দীর্ঘ সময়ের রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও তিনি দেশের বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, তার দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হলে দলের দায়িত্ব তার ওপরই এসে পড়ে। সেই সময় রাজনৈতিক ও আইনি ব্যস্ততার কারণে এলাকায় নিয়মিত আসতে না পারায় তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, “আমি কখনোই আমার এলাকার মানুষকে মানসিকভাবে ছেড়ে যাইনি। যত মামলা হয়েছে, প্রতিটির খোঁজখবর রেখেছি। আমাদের এলাকার কেউ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসার জন্য গেলে তাদেরও খোঁজ নিয়েছি।”
তিনি আরও দাবি করেন, এলাকায় যেসব মামলা হয়েছে, সেগুলোতেও তিনি আইনি সহায়তা নিশ্চিত করেছেন এবং দক্ষ আইনজীবীর মাধ্যমে অনেককে খালাস করিয়ে এনেছেন।
সবশেষে তিনি বলেন, চলমান মামলা ও রাজনৈতিক ব্যস্ততার কারণে এলাকায় বেশি সময় দিতে না পারলেও জনগণের সঙ্গে তার যোগাযোগ সবসময় ছিল এবং থাকবে।





