সরকার পরিবর্তনের চ্যালেঞ্জ আরও জটিল, যোগ্য নেতৃত্বই পারে পরিস্থিতি সামাল দিতে

নৈতিকতা ও আইনের মধ্যে থেকেই নির্বাচনী প্রতিযোগিতা হওয়া উচিত: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

পৃথিবীর বহু দেশ আছে যেখানে সরকার পরিবর্তনে বড় ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের মতো দেশে পরিস্থিতি ভিন্ন। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক বাস্তবতা এবং জনগণের প্রত্যাশা, বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করা সহজ নয়। আমার বিবেচনায় এটি অত্যন্ত কঠিন একটি দায়িত্ব।

১৯৭৫-পরবর্তী সময়ে যে সরকারগুলো এসেছে তাদের জন্য এটি চ্যালেঞ্জ ছিল। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের জন্যও চ্যালেঞ্জ ছিল। বিভিন্ন সময়ে সরকারগুলোকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। তবে এবারের চ্যালেঞ্জ সম্ভবত আরও বেশি জটিল ও কঠিন।

এমন পরিস্থিতিতে যোগ্য মানুষদের নির্বাচিত করা এবং তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। জনগণ নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবে বলে আমার বিশ্বাস।

নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র ও অভিযোগের কথা শোনা যাচ্ছে। নির্বাচনে জেতার চেষ্টা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই চেষ্টার মধ্যে যদি নৈতিকতা না থাকে, যদি যে কোনো কৌশলে প্রতিপক্ষকে পরাজিত করার মানসিকতা কাজ করে, তাহলে তা গ্রহণযোগ্য নয়।

আইন ও নিয়মের মধ্যে থেকে, কারো ক্ষতি না করে, অন্যায় পন্থা অবলম্বন না করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়াই হওয়া উচিত সবার লক্ষ্য। দুর্ভাগ্যজনকভাবে অনৈতিক ও অযৌক্তিকভাবে জেতার চেষ্টা যদি কেউ করে, সেটি সবার নজরে রাখা দরকার।

এটি কার পক্ষে বা বিপক্ষে যাচ্ছে সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো, এত প্রাণের বিনিময়ে যে সুযোগ দেশের সামনে এসেছে, সেই সুযোগ যেন কোনো ব্যক্তি বা দল অনৈতিকভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। এটি আমাদের সবার দায়িত্ব ও চিন্তার বিষয়।