স্টাফ রিপোর্টার ৪ ফেব্রুয়ারি ২০২৬ নিউ চ্যানেল বিডি
সন্ত্রাসী, গুন্ডা ও চাঁদাবাজদের সঙ্গে নির্বাচন করলে রাজনীতির মান-সম্মান নষ্ট হয় বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ভালো মানুষের সামনে যেন মনোনয়ন দেওয়া হয়। যারা অস্ত্র, ভয়ভীতি ও চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি করতে চায়, তাদের হাতে কলম তুলে দেওয়া যায় না।
তিনি বলেন, জনগণ যাকে চাইবে সে-ই নির্বাচিত হবে। কেউ বড় গলায় বললেই অন্য দলকে ঠেকানো যায় না। জনগণ যদি কাউকে না চায়, তাহলে সে নির্বাচিত হবে না। তাই সন্ত্রাস ও প্রভাব খাটিয়ে নির্বাচন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, কিছু এলাকায় মনোনয়ন পেয়েই সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। এতে সুস্থ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সব রাজনৈতিক দলকে ভবিষ্যতে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, পার্লামেন্ট জনগণের প্রতিনিধিদের জায়গা। সেখানে সন্ত্রাসী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের স্থান হওয়া উচিত নয়। জনগণের করের টাকা কখনোই অপকর্মে জড়িতদের জন্য ব্যয় হওয়া উচিত নয়।
তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, অতীতে যেসব সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে, সেগুলোর জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, যেন তারা বিবেচনা করে ভোট দেন এবং অনৈতিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, রাজনীতিতে শালীনতা ও নৈতিকতা বজায় রাখা জরুরি। দীর্ঘদিন আড়ালে থেকে রাজনীতি করে আবার প্রভাব খাটানোর চেষ্টা গণতান্ত্রিক মানসিকতার সঙ্গে যায় না। জনগণের ইচ্ছাই শেষ কথা—জনগণ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন।





