স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী ১২ তারিখের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রের প্রস্তুতি সন্তোষজনক। অধিকাংশ কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যেখানে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে অস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
তিনি জানান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট এক লাখ সেনাসদস্য, ৫ হাজার নৌবাহিনী সদস্য, সাড়ে ৩ হাজার বিমানবাহিনী সদস্য, প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য, প্রায় ৪ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্য, প্রায় ৯ হাজার র্যাব সদস্য এবং ৫ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে। ফলে নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, কেউ যদি অনৈতিক বা অশোভন আচরণ করেন, সেটি নজরে রাখতে হবে। এ ধরনের আচরণ প্রকাশ পেলে সংশ্লিষ্টরা নিজেদের সংশোধন করবেন। গুরুতর কোনো অপরাধ ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ভীতি নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছেন। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা মব ভায়োলেন্স বরদাশত করা হবে না।





