‘হারাম টাকার স্পর্শ করবেন না, ১২ তারিখ ব্যালট বিপ্লব হবে’

প্রশাসন ও পুলিশকে সতর্কবার্তা, মিডিয়ার নিরপেক্ষতার আহ্বান জানালেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

নবীনগরে এক নির্বাচনী সমাবেশে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যদি অবৈধ অর্থ গ্রহণ করেন, তবে তা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর হবে।

তিনি দাবি করেন, দেশের অধিকাংশ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা দেশপ্রেমিক এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তবে কিছু ব্যক্তির আচরণ পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই নির্বাচন বহু ত্যাগের বিনিময়ে অর্জিত। হাজারো মানুষের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই ভোট যেন আর কারচুপি বা প্রভাবের শিকার না হয়।”

তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনের কিছু সদস্যের সহযোগিতায় ভোট জালিয়াতি হয়েছে। এবারের নির্বাচনে এমন কিছু যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “একদিনের জন্য সামান্য টাকার বিনিময়ে পাঁচ বছর গোলাম হয়ে থাকার চেয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের ভাগ্য নির্ধারণ করুন।”

মিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্য তুলে ধরুন। জনগণ সব দেখছে।”

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে বলে তিনি বিশ্বাস করেন। প্রশাসন, মিডিয়া ও সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বের মাধ্যমেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।