স্টাফ রিপোর্টার, ৫ ফেব্রুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, গত পাঁচ দিন ধরে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাক করে মিথ্যা ও জাল তথ্য ছড়ানো হয়েছে।
এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, যারা জনগণের সরকার চায় না এবং দলীয় বা গোষ্ঠীতান্ত্রিক শাসনব্যবস্থা চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি জানান, দলের সাইবার টিম অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং মূল অভিযুক্ত ইতোমধ্যে পুলিশের হাতে আটক হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন রাজপথে একসঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছেন এমন কিছু পুরোনো সহযোদ্ধাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা তাকে ব্যথিত করেছে। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান।
তিনি আরও বলেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচারে যুক্ত হয়েছেন, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন এবং এ বিষয়ে আর কোনো প্রতিক্রিয়া জানাবেন না। আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা কামনা করেন তিনি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





