‘অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত’

নির্বাচনী দায়িত্ব ও সতর্কতার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার |৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

দেশ ও জাতি ভোট গ্রহণ প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে, এমন মন্তব্য করেছেন সশস্ত্র বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং দায়বদ্ধ।

বক্তব্যে তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সাথে সমন্বয় ও সহযোগিতা অনেক বেশি দৃঢ় ও গভীর। দীর্ঘদিন মোতায়নের কারণে প্রতিটি অঞ্চলের সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে বাহিনী অবগত থাকলেও নির্বাচনের সময় অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “নির্বাচনের দিন এবং পরবর্তী দুই থেকে তিন দিন অতিরিক্ত সজাগ থাকতে হবে যাতে কোন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে।”

অফিসারটি আরও বলেন, নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসাররা নির্বাচনের মূল দায়িত্ব পালন করেন। বাহিনী ভোট ব্যালট, ব্যালট বক্স এবং অন্যান্য সরঞ্জাম নিরাপদে নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরবর্তীতে গণনা ও ফলাফল ঘোষণার সময় নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি ভোটারদের আশ্বস্ত করেন, “আপনারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আপনার পছন্দমত প্রার্থীকে বেছে নিতে সক্ষম হবেন।”

বক্তব্যের শেষ অংশে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করে সকলকে নিরাপদে দায়িত্ব পালনের তৌফিক কামনা করেন।