মানুষের জীবনমান, শাসনব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার
স্টাফ রিপোর্টার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
আগামী শুক্রবার জাতির সামনে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ইশতেহার উপস্থাপন করবেন। দলীয় সূত্র জানিয়েছে, এটি তার রাজনৈতিক রূপকল্পের একটি বিস্তৃত নথি, যেখানে রাষ্ট্র পরিচালনার মৌলিক দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হবে।
ইশতেহারটি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে প্রণয়ন করা হয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির কথা থাকবে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হবে।
এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হবে বলে জানা গেছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতিও এতে অন্তর্ভুক্ত থাকবে।
কৃষক, যুবসমাজ, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ থাকবে। দলটি বলছে, অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই এই রূপকল্পের মূল লক্ষ্য।





