স্টাফ রিপোর্টার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-১০ আসনের (বিএনপি) প্রার্থী বলেছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, নির্বাচনী এলাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ঢাকা-১০ আসনের ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল ইসলাম রবি বলেন, পুরো পরিস্থিতি পর্যালোচনা করে তিনি দেখছেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। তার ভাষায়, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কারণ তিনি দেখছেন না। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত সবাই আনন্দমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। বড় ধরনের কোনো সংঘাতও চোখে পড়ছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং সবাই ভোটের দিনের অপেক্ষায় আছে। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, তাকে সবাই মেনে নেবে এবং পরাজিত প্রার্থীরাও ফলাফল গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে উল্লেখ করে বিএনপি প্রার্থী বলেন, এটি শুধু সংসদ সদস্য নির্বাচনের বিষয় নয়। এটি সংবিধানের ভেতরে থেকে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের রায় দেওয়ার নির্বাচন। সে কারণে সব রাজনৈতিক দল ও প্রার্থীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এলাকায় গ্যাস সংকটসহ কিছু মৌলিক সমস্যা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে তিনি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেবেন।
এছাড়া সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস ও ডিপিডিসির মতো সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
এলাকার সামাজিক সমস্যা, বিশেষ করে মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন শেখ রবিউল ইসলাম রবি।





