জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুসহ প্রতিনিধিদের বিএনপি ও ছাত্রদলে যোগদান

গণতন্ত্র ও সার্বভৌমত্বের রাজনীতিতেই আস্থা: রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার, ৬ফেব্রুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি

নবনির্বাচিত জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিভিন্ন হলের নির্বাচিত একাধিক প্রতিনিধি বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি তাদের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস ও দর্শন থেকে নেওয়া সিদ্ধান্ত।

রিজভী বলেন, নতুন প্রজন্ম দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে স্পষ্ট অবস্থান চায়। তারা এমন একটি রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। তিনি দাবি করেন, অতীতে দেশে একনায়কতন্ত্র ও দমনমূলক শাসন কায়েমের চেষ্টা হয়েছে, যার বিরোধিতা করেছে বিএনপি।

সীমান্ত হত্যা, জাতীয় স্বার্থ ও পরিবেশ ইস্যু তুলে ধরে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো চুক্তি বা সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় দলটি এর বিরোধিতা করেছিল।

জাতীয়তাবাদের ব্যাখ্যায় রিজভী বলেন, নিজের দেশ, মাটি, সম্পদ ও ভূখণ্ডের প্রতি গর্ববোধই প্রকৃত জাতীয়তাবাদ। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, সেটিই বিএনপির ভিত্তি। নানা সমালোচনা ও অপপ্রচার সত্ত্বেও তার অবদান মুছে ফেলা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। জনগণের সমর্থনই দলটির শক্তি এবং জনপ্রিয়তার মূল কারণ বলেও দাবি করেন তিনি।