স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ইনসাফ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আগামী বাংলাদেশে তা বাস্তবায়ন করতে চান। আশুলিয়া ও ঢাকা-১৯ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, কোনো হুমকি বা রক্তচক্ষুকে তারা ভয় পান না।
তিনি অভিযোগ করেন, একটি দল বহুদলীয় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং বিভিন্ন স্থানে হুমকি দিচ্ছে। তবে ৫ আগস্টের ঘটনার মতো জনগণ আবারও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত।
দেশ পরিচালনার পরিকল্পনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে স্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা উচিত। দীর্ঘদিন বিদেশে অবস্থান করে দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কেউ দেশের জন্য কার্যকর পরিকল্পনা দিতে পারবেন না। এমন কোনো পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না, যা দেশকে পিছিয়ে দেবে বা ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করবে।
অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন, অতীতের শাসনামলের অভিজ্ঞতা জনগণ ইতিমধ্যেই দেখেছে। এখন মানুষ নতুন নেতৃত্ব ও বিকল্প শক্তিকে সুযোগ দিতে চায়। সততা, দেশপ্রেম ও দক্ষতাকে গুরুত্ব দিয়ে একটি জোট সরকার গঠনের কথাও উল্লেখ করেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সমন্বিত ইশতেহারের ভিত্তিতে সরকার পরিচালনার অঙ্গীকার করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভোটাধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। কেউ ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় তিনি দলীয় প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





