✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি: তথ্য উপদেষ্টা

অপতথ্য রোধে নতুন সাইবার সুরক্ষা আইনের আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ চলছে

স্টাফ রিপোর্টার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: অপতথ্য প্রতিরোধে শুধু আইনি সুরক্ষা যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, অপতথ্য রোধে সরকার নতুন ‘সাইবার সুরক্ষা আইন’-এর আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় শুরু হয়েছে এবং আরও মতবিনিময় করা হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। নৈরাজ্য পরিস্থিতি থেকে দেশ বের হয়ে আসা একটি বড় উন্নয়ন। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণেই দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি রাড্ডা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা না ঘটলেও সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের দায়িত্ব।

সালমান মুক্তাদিরের প্রতি সহানুভূতি প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত হিসেবে তার প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তবে সেখানে চাঁদাবাজির ঘটনা না ঘটলেও অপতথ্য ছড়িয়ে পড়েছে। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অপতথ্য ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ওপর ভিত্তি করে সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। তবে মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা অপরাধ। এ ক্ষেত্রে সবাইকে সামাজিক ও রাজনৈতিকভাবে দায়িত্বশীল হতে হবে।

ব্রিফিংয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।

এলপিজি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি আমদানিকারকরা জানিয়েছেন দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই। পর্যাপ্ত গ্যাস আমদানি করা হয়েছে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারির সুযোগ নেই।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসরকারি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত চুক্তির প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ চুক্তির ফলে ভবিষ্যতে দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন প্রযুক্তিগত সহযোগিতার পথ প্রসারিত হবে।

অপতথ্য ছড়ানোকে সামাজিক ও রাজনৈতিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কেবল আইনি সুরক্ষা দিয়ে অপতথ্য বন্ধ করা সম্ভব নয়। অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা অপরিহার্য। সরকারের পাশাপাশি অপতথ্য প্রতিরোধে ‘তথ্য কমিশন’ আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

মানবতাবিরোধী অপরাধের বিচারে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তৎপর রয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।