স্টাফ রিপোর্টার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
একটি ভোটকেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে কেন্দ্রে এসে হাতে–নাতে প্রমাণ পেয়েছেন। তার দাবি, সেখানে ১৫ থেকে ২০ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে উপস্থিত ছিল, তবে তিনি পৌঁছানোর পর তারা দ্রুত সরে যায়।
মির্জা আব্বাস বলেন, “আমি আসার আগে এখানে একটি লাইন ছিল। কিন্তু আমি ঢোকার সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। তাদের উদ্দেশ্য ছিল ফলস ভোট দেওয়া, এটা স্পষ্ট একটি ম্যানিপুলেশন।”
তিনি আরও অভিযোগ করেন, আগের রাতেও বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করা হয়েছিল, তবে তা প্রতিহত করা হয়। আজও কিছু অনিয়ম ইতোমধ্যে ঘটে গেছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, কিছু প্রিজাইডিং কর্মকর্তা অনিয়মে সহযোগিতা করছেন। তিনি বলেন, “আমরা দেখেছি পোলিং এজেন্ট আসার আগেই সাত-আটজন ছেলে ভোট দিয়ে বেরিয়ে গেছে। এ সংক্রান্ত ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে।”
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বললেও সন্তোষজনক জবাব পাননি বলে জানান মির্জা আব্বাস। ম্যাজিস্ট্রেটকে কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রের ভোটগ্রহণ পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





