অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: মির্জা ফখরুল

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, যা…

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবেন। সেই সংসদ হবে দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এভাবেই আমরা সামনে এগিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে সেখানে সকল শ্রেণির মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণির দাবি-দাওয়া পূরণ ও স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি।”

শনিবার রাজধানীতে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি নিজের ও দলের সমর্থনের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এসময় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করীম, মাহবুবুল হক রিপন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও উত্তরের কামরুজ্জামানসহ অনেকে বক্তব্য রাখেন।