অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

লিগ্যাল এইড কর্মসূচি জোরদার, আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব

স্টাফ রিপোর্টার | ২৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ‘অ্যাকসেস টু জাস্টিস’ বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় বা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে—এটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে এবং সেখানে তিনি দেখেছেন অনেক অসচ্ছল মানুষ বছরের পর বছর বিনা বিচারে আটক রয়েছেন।

ন্যায়বিচারকে রাষ্ট্র ও সমাজের অগ্রগতি এবং শান্তির ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সমতা অপরিহার্য।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি।

প্রধানমন্ত্রী জানান, সরকার লিগ্যাল এইড কর্মসূচি জোরদার করেছে, যাতে কোনো ব্যক্তি অর্থের অভাবে বিচার থেকে বঞ্চিত না হন।

তিনি আরও বলেন, মামলা শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলে কম সময়ে ও কম খরচে অনেক বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়েছে এবং আদালতের ওপর চাপ কমেছে।

প্রধানমন্ত্রী জনগণের প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, লিগ্যাল এইড কর্মসূচি জনগণের সেই আস্থার প্রতিফলন হয়ে উঠবে।

অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে ঢাকার সায়েম খান ও রাজশাহীর নীলিমা বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

এছাড়া, লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের জন্য বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্র্যাক’-কে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক মনজুরুল হাসান বক্তব্য রাখেন।

এসময় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।