অসহায় ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি: নিউজচ্যানেল বিডি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম এবং জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবারকে সহায়তার ঘোষণা দেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে (ডিবিসি) এই পরিবারটির অসহায় অবস্থার খবর প্রচার হয়। বিষয়টি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে আসার পর তিনি চিকিৎসা ও সংসার চালানোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামে যান। প্রতিনিধি দলটি গোলাম মোস্তফা শেখের পরিবারের খোঁজ-খবর নেন এবং তারেক রহমানের পাঠানো আর্থিক সহায়তা ক্যান্সারে আক্রান্ত শাহিনা বেগমের হাতে তুলে দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আতিকুর রহমান রুমন বলেন, “একটি বেসরকারি টেলিভিশনের খবরে মোস্তফা শেখের দুঃখ-কষ্টের কথা জেনে তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির চিকিৎসা ও জীবিকার জন্য তিনি আর্থিক সহায়তা দিয়েছেন।”

#তারেকরহমান, #অসহায়পরিবার, #মানবিকসহায়তা, #ফকিরহাট, #ভ্যানচালকসহায়তা, #বিএনপিফ্যামিলি, #বাংলাদেশসংবাদ, #ক্যান্সারসহায়তা, #মানবিকসংবাদ, #বাগেরহাট,