অ্যাম্বুলেন্সকে পথ দিতে ভিভিআইপি প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবিক সিদ্ধান্তে প্রশংসা, সড়কে নজির স্থাপন

স্টাফ রিপোর্টার, ৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সকালে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল উপেক্ষা করে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেন।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে তিনি বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে এগোনোর চেষ্টা করছিল।

ঘটনাটি নজরে আসতেই প্রধানমন্ত্রী দ্রুত পরিস্থিতি বুঝে বহরের নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং জরুরি সেবার যানটি নির্বিঘ্নে সামনে এগিয়ে যেতে পারে।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এ প্রচলিত রীতি ভেঙে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। “সবার ওপরে জনগণ”—এই নীতিকে সামনে রেখেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।