সুনামগঞ্জ, ২৪ সেপ্টেম্বর:
বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, “প্রকাশ্যে তো নয়-ই, মনে মনে যাঁরা আওয়ামী লীগ ও তাঁদের দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন, তাঁরা সেই চিন্তা বাদ দিয়ে দেন। ছাত্র-জনতা এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।”
বুধবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের সময় এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। “এই খুনিদের বিচার হতে হবে। তা না হলে শহীদ পরিবারের সদস্যরা এবং দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপির কোনো বাধা নেই। তবে তার আগে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, শেখ হাসিনাসহ ২৫–৩০ জন মূল দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। এর আইনি ভিত্তি গণপরিষদ নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ভারতের ভূমিকা প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের কোনো নির্বাচন হবে না। ভারতের আশীর্বাদে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। কোনো এজেন্সিকে কাজে লাগিয়ে আধিপত্য দেখিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।”
এ সময় তিনি যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, “সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটি সরকারের দুর্বলতা প্রকাশ করেছে। দায়ভার সেখানকার দায়িত্বশীলদের নিতে হবে। খুনি ও ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে যারা কাজ করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”





