আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার প্রয়োজন নেই: আমীর খসরু

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ নির্বাচনী দৌড়ে নেই, নেত্রীরাও দেশে নেই

Posted by:

on

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তার যুক্তি, আওয়ামী লীগ নির্বাচনী দৌড়ে নেই এবং তাদের নেত্রীরাও দেশে নেই।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের বিষয়, তবে যেহেতু তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থান নিতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনী রেসে না থাকা এবং দেশে অনুপস্থিত থাকা কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের সব জায়গায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচনী কার্যক্রম চলছে।

বিএনপি নেতার মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া ও দেশের নির্বাচন অগ্রগতি নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকে সহায়তা করবে এবং পর্যবেক্ষক পাঠাবে বলে জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “এ পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য হয়েছে। ইইউ সময়মতো নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা করছে।”

জুলাই সনদ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আলোচনা ও ঐকমত্যের পর এটি স্বাক্ষর হয়েছে, তবে নতুন কিছু যোগ হওয়ার সম্ভাবনা নেই। উৎকণ্ঠার কোনো কারণ নেই।”