স্টাফ রিপোর্টার | ১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার সিলেট সফরে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি উদ্বোধন, ক্রীড়া আয়োজন এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পরে সিলেট শিল্পকলা একাডেমি-তে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটি হবে তাঁর প্রথম সিলেট সফর।





