স্টাফ রিপোর্টার, ১০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: গণঅভ্যুত্থান–পরবর্তী আগামী জাতীয় নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও উপযুক্তভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। যদি আমরা এই সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব; আর ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে।” তিনি আরও উল্লেখ করেন, অতীতে অনেক নির্বাচন হলেও সেগুলো সুষ্ঠু হয়নি এবং সেগুলোকে প্রতারণার নির্বাচন বলেই সাধারণ মানুষ বিবেচনা করে।
আগামী নির্বাচনকে একটি বিশেষ দায়িত্ব হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “যদি আমরা ভালোভাবে দায়িত্ব পালন করি, তাহলে নির্বাচনের দিনটি জনগণের জন্যও একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে।” তিনি ইউএনওদের উদ্দেশ্যে বলেন, তাদের সঠিক দায়িত্ব পালনই সরকারের সফলতা নিশ্চিত করবে।
তিনি আরও জানান, আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য। গণভোট বাংলাদেশের কাঠামো ও ভবিষ্যৎ স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
সদ্য যোগদান করা ইউএনওদের শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে তিনি প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।
গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে, আপনারা মন ঠিক করে আসুন—‘হ্যাঁ’ না ‘না’—স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে আসুন।”
অপতথ্য ও গুজব প্রতিরোধে সৃজনশীল ভূমিকা রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি তাদের ‘ধাত্রী’র সঙ্গে তুলনা করেন—ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয় বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচন অংশগ্রহণে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজটি করবেন—তা এখন থেকেই পরিকল্পনা করে নিন।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





