আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি

তিন ঘণ্টায় ৩৬ জনের শুনানি, ২৬ জনের মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল

স্টাফ রিপোর্টার, ১০ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আগারগাঁও নির্বাচন ভবনে আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানি শুরু হয়েছে। সরাসরি সেখান থেকে সহকর্মী হাসান মিজবার সঙ্গে যুক্ত হয়ে জানা গেছে, প্রথম তিন ঘণ্টায় মোট ৩৬ জন প্রার্থীর আপিল শুনানি সম্পন্ন হয়েছে।

এই শুনানিতে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে । ফলে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধার মুখে পড়বেন না। একই সঙ্গে ছয়টি আপিল পেন্ডিং বা অপেক্ষমান রাখা হয়েছে, যেগুলোর বিষয়ে পরবর্তীতে রায় জানানো হবে। এছাড়া চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের গঠিত আপিল বোর্ডে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি সচিব এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে গুরুতর ত্রুটি বা অসম্পূর্ণ আবেদন ছিল। অনেক প্রার্থী আজও সংশোধিত কাগজপত্র জমা দিতে এসেছেন এবং যেসব ক্ষেত্রে সংশোধনের সুযোগ ছিল, সেসব মনোনয়নপত্র সংশোধিত নথি গ্রহণের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

আজকের শুনানিতে আলোচিত দুই প্রার্থী—ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাসনিম জারার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটসংক্রান্ত যে জটিলতা ছিল, প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় জমা দেওয়ার পর তা নিষ্পত্তি হয়।

বর্তমানে আপিল বোর্ডের শুনানিতে বিরতি চলছে। বিরতির পর বাকি প্রার্থীদের আপিল শুনানি পুনরায় শুরু হবে বলে জানা গেছে।