আচমকা চন্দ্রিমা উদ্যানে বেগম খালেদা জিয়ার জিয়ারত

দীর্ঘ সাত বছর পর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি চেয়ারপারসন

ছবি বিএনপির মিডিয়া সেল সাইরুল কবির খান

Posted by:

on

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।

বুধবার (৮ অক্টোবর) রাতে গুলশানের বাসা থেকে তিনি চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানানো হয়, খালেদা জিয়া গাড়িতে বসেই স্বামীর সমাধির পাশে দোয়া করেন। এরপর তিনি আবার বাসার উদ্দেশে ফিরে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির জানান, রাত ১১টার দিকে বেগম জিয়া মাজারে পৌঁছান।

বিএনপির সিনিয়র একাধিক নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি একেবারেই আচমকা ঘটেছে। তারা জানান, ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজার জিয়ারতে যাচ্ছেন—তা স্পষ্ট নয়।

একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, “নিজের স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়।”
আরেকজনের মতে, “মুক্ত হওয়ার পর তিনি এতদিন না গেলেও হঠাৎ করে আজ যাওয়ার ঘটনাটি বেশ বিস্ময়কর। সম্ভবত এটি তার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হয়েছে।”

বেগম জিয়ার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন, যিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া স্বামীর মাজার জিয়ারত করেছিলেন।

এদিকে, বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা সেখানে সমবেত হন।