আচরণবিধি মানাতে প্রায় শতভাগ সক্ষম ইসি

১৪৪টি ভঙ্গের ঘটনায় ৯৪টি মামলা, নির্ধারিত সময়ের পর প্রবাসী ব্যালট গণনায় আসবে না

স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

নির্বাচনে আচরণবিধি মানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রায় শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখছে না নির্বাচন কমিশন।

দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আচরণবিধি ভঙ্গের ১৪৪টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় ৯৪টি মামলা দায়ের করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে মোট ৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, “আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন, তারা ব্যাপক উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছেন। এই উদ্বুদ্ধকরণের ফলেই আমরা আচরণবিধি প্রায় শতভাগ কার্যকর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।”

নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটারদের গণতান্ত্রিক অধিকার চর্চায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ রাত থেকে পরের দিন পর্যন্ত গড়াতে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত ১২৮টি নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনা করেছে। আচরণবিধি ভঙ্গের ঘটনাগুলোর প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে জরিমানা আরোপ ও মামলা করা হয়েছে।

এদিকে আউট অব কান্ট্রি ভোটিং প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানিয়েছেন, পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রবাসী ভোটাররা মঙ্গলবার রাত থেকে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে পোস্টাল স্ট্রাইক, ঝড় ও তুষারঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু পোস্টাল ব্যালট সময়মতো পৌঁছাতে দেরি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো বাধ্যতামূলক। এর পরে এলে তা গণনায় আসবে না।”

সালিম আহমদ খান আরও জানান, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে কিউআর কোড স্ক্যান করা না হলে সেই ব্যালটও গণনায় অন্তর্ভুক্ত হবে না। পাবনা-১ ও ২ আসনের ব্যালট আজ খোলা হবে, যাতে প্রার্থীরা প্রতীকের সঙ্গে ব্যালট মিলিয়ে দেখতে পারেন।

কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রবাসী ভোট সংক্রান্ত ভিডিওগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলো তদন্ত করেছে। তবে এসব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রবাসী ভোটিং ব্যবস্থায় যে পরিমাণ ব্যালট বাতিল হয়, তার তুলনায় এবার কম ব্যালট বাতিল হবে বলে নির্বাচন কমিশন আশাবাদী। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রবাসী ভোটাররাও ভোট দিচ্ছেন বলে জানান তিনি।