স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার:
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।
ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএসের মাধ্যমে। প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এর ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে। এছাড়া নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।





